রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জমি দখলের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সখীপুরে জমি দখলের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা শ্রমিক লীগ’র সভাপতি বাচ্চু শিকদারসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি আবদুস সামাদ সিকদারসহ ভূক্তভোগী পাঁচ ব্যবসায়ী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি, পৌরশহরের সিকদার বস্ত্রালয়ের মালিক আবদুস সামাদ সিকদার তাঁর লিখিত বক্তব্য জানান- ২০১২ সালে সখীপুর বাজারের মসজিদ রোডে তিনিসহ মীর শামসোদ্দোহা, মো. রাসেল সিকদার, রাসেল মিয়া এবং আজিজুল হক নামের পাঁচ ব্যবসায়ী “পাঁচতারা” নামের একটি মার্কেট নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করে আসছেন। ২০১৮ সালে ওই মার্কেটের দ্বিতীয় তলার কাজ শুরু করা হলে উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার, শামছুল হক ও রউফ সিকদার চাঁদার দাবিতে তাদের নির্মাণকাজ বন্ধ দিলে পঁচাত্তুর হাজার টাকা দিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে পুনরায় নানা ভয়ভীতি দেখিয়ে মীর শামসোদ্দোহার কাছ থেকে আরো ৪ লাখ টাকা চাঁদা নেন তারা। এরপর ওই মার্কেটের দ্বিতীয় তলার ১ কোটি টাকা মূল্যের ৫টি কক্ষ বাচ্চু সিকদার ও তার লোকজন জোর পূর্বক দখলে নিয়েছেন।

তিনি আরও বলেন- ওই মার্কেটের মালিক রাসেল মিয়ার কাছে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে রাসেল মিয়া না দেওয়ায় তার অংশের দ্বিতীয় তলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ৫টি কক্ষ দখলমুক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ওই পাঁচ ব্যবসায়ী ও তাঁদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

অপরদিকে শনিবার দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার, শামছুল হক ও আবদুর রউফ সিকদার। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনিত চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ অস্বীকার করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে শামছুল হক জানান- ওই পাঁচ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ করেছেন তা সত্য নয়। বরং তারাই আমাদের জমির ওপর অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছেন। আমাদের ওই জমি ছেড়ে দিতে বলায় তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মিথ্যা অভিযোগ করেছেন। উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তিনামা ও আদালতে এফিডেভিট’র করে ওই মার্কেটের দ্বিতীয় তলায় ৩টি কক্ষ আমাদের খরচে নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শামছুল হক , বাচ্চু সিকদার ও আবদুর রউফ সিকদারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular