এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনার দুইদিন পর প্যারাগন ফিড বহনকারী গাড়ির হেল্পার সোহেল রানার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল রানা পাবনা জেলার শ্রীপুর এলাকার জাকির শেখের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ঘাতক ট্রাকের চালক উপজেলার দেওদিঘী গ্রামের হারুন মিয়া, হেল্পার হতেয়া গ্রামের শাকিল আনোয়ার এবং বাঁশের বেপাড়ী বোয়ালী গ্রামের হাসু মিয়াকে আসামি করে প্যারাগন ফিড এর সখীপুর উপজেলা ডিলার আমিনুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই ট্রাক চালক হারুন মিয়াকে গ্রেফতার করে।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারোটায় সখীপুর থেকে ছেড়ে প্যারাগন ফিড বহনকারী গাড়ি সখীপুর-ঢাকা সড়কের উপজেলার বোয়ালী সাংবাদিক সজল আহমেদ এর বাড়ির কাছে পৌঁছলে সড়কে দাঁড় করিয়ে একটি ট্রাকে বাঁশ ভর্তির সময় একটি বাঁশ ছিটকে চলন্ত ওই খাবার বহনকারী গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে চালকের পাশে বসে থাকা হেল্পার সোহেল রানার পেটে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে ময়নাতদন্তের পর লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল বলেন, দুর্ঘটনার দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়। দুর্ঘটনার পরক্ষণেই ঘাতক ট্রাক আটক এবং মামলার পর চালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
