নিউজ টাঙ্গাইল ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- মোমবাতি প্রজ্বলন, কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
রাত ১২ টা ০১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এর আগে প্রশাসনিক ভবনের সামনে সকলে একত্র হয়ে কালো ব্যাচ ধারণ করেন। রাত ১২ টা ১০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্মৃতিস্তম্ভ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ ছাড়া সকালে উপাচার্যের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে র্যালি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, সকল অনুষদের ডিন, প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
