এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় এলাকা থেকে ওই তিন ছিনতাইকারীকে আটক করা হয়।
এরা হচ্ছে- উপজেলার আড়াইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান আগুন (২১) সখীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শহীদ মিয়ার ছেলে আশিক মিয়া (২০) এবং একই ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে কামাল হোসেন(২২)। এ ঘটনায় ওই মোটরসাইকেলের মালিক সখীপুর ফাতেমা মোটরস্ এর মোটরসাইকেল মেকানিক সৌরভ চন্দ্র বাদী হয়ে সখীপুর থানায় ৩৯২, ১৭০,৪১১ ধারায় মামলা করেছেন। আটককৃত ওই তিন ছিনতাইকারীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে সখীপুর ফাতেমা মোটরসের মোটর সাইকেল মেকানিক সৌরভ চন্দ্র মোটরসাইকেল যোগে সখীপুর হতে উপজেলার বাগবেড় বাজার এলাকায় পৌঁছলে ছিনতাইকারী জাহিদ হাসান আগুন ও তার সহযোগীরা গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ওই তিন ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তার এস,আই আজিজুল ইসলাম বলেন- ঘটনার পর পরই মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।