সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চারুকলা ক্যাডেট আর্ট স্কুল নামে একটি অনুমোদনহীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অকৃতকার্যদের এসএসসির ফরমপূরণের কথা বলে ২২ শিক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কচুয়া গ্রামের একাধিক শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও বুধবার উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অভিযোগকারীরা জানান, উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে এবার ৯০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৪৪জন কৃতকার্য হয়ে এসএসসির ফরমপূরণ করে। বাকি ৪৬জন অকৃতকার্য হয়ে ফরমপূরণে ব্যর্থ হয়ে হতাশায় পড়েন। এদিকে এক বছর আগে কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের পাশেই চারুকলা ক্যাডেট আর্ট স্কুল নামে একটি অনুমোদনহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক নাসির উদ্দিন তাঁর প্রতিষ্ঠান থেকে অকৃতকার্য ২২জন শিক্ষার্থীকে এবার এসএসসি পরীক্ষার ফরমপূরণ করে দেওয়ার কথা বলে জনপ্রতি ১২ হাজার টাকা করে আদায় করেন।
শিক্ষার্থী রত্নার অভিভাবক হযরত আলী বলেন, আমার মেয়ে এবার সখীপুরেই এসএসসি পরীক্ষা দিতে পারবে বলে ১২ হাজার টাকা নেয়। পরে জানতে পারি ওই বিদ্যালয়টির ঢাকা শিক্ষা বোর্ডের কিংবা কারিগরি বোর্ডের কোনো স্বীকৃতিই নেই। তাঁরা প্রতারিত হবেন- এ চিন্তা থেকে তাঁরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
