Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চেয়ারম্যান ফারুক হত্যা: বাপ্পাসহ ৩ জনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার

টাঙ্গাইলে চেয়ারম্যান ফারুক হত্যা: বাপ্পাসহ ৩ জনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার

২০১৩ সালের আলোচিত ফারুক হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পর রায়; বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন একজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন মো. আজাদ ও শাহজাহান। আদালত তিনজনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিই বর্তমানে পলাতক।

মামলার চার আসামি মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের মধ্যে সুজন ও ছানোয়ার কারাগারে রয়েছেন। শফিকুল ইসলাম ও রুজবেল পলাতক। অপর আসামি সঞ্জিত ঘোষকে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে টাঙ্গাইল সদর উপজেলার আকুরটাকুর বটতলা বাজার এলাকায় ফারুক হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও বাদী এতে নারাজি আবেদন করেন। পরে আদালতের নির্দেশে সিআইডি মামলাটির পুনঃতদন্ত করে।

পুনঃতদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল আদালতে পুনরায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করা হলো।

আদালতের রায়ে তিন আসামির মৃত্যুদণ্ড হলেও সন্তুষ্ট নয় নিহত ফারুকের পরিবার। স্বজনদের দাবি, মামলার সব আসামিরই মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তারা উচ্চ আদালতে গিয়ে সকল আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular