‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানত্রয়ী। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তারা আসছেন নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে।
চিত্রনায়ক শাকিব খান, নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ঘিরে দর্শকমহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আগামী বছরের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
শাকিব খান ও হিমেল আশরাফের নতুন সিনেমার খবর আগেই জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমার নাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে ‘মহব্বত’ সিনেমার নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ।
পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তার হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও নায়িকা কে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
‘মহব্বত’ প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা, আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”
