নিজস্ব প্রতিনিধি: জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ‘ইউনিভার্সাল রোবটিক্স চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬’-এ অষ্টম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ প্রযুক্তি উদ্ভাবক টাঙ্গাইলের মির্জাপুরের ঈশমাম মুবীন। বিশ্বের ৩৪টি দেশের ১৪৫টি প্রতিদ্বন্দ্বী দলের অংশগ্রহণের এই প্রতিযোগিতায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।
গত ১৯ সেপ্টেম্বর জাপানের ওসাকা শহরের ঐতিহাসিক ওএমএম বিল্ডিং এক্সিবিশন হলে অনুষ্ঠিত হয় ইউআরসির দশম আসর। ‘আর্টেক এডুকেশনাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘রোবটস টু দ্য রেসকিউ’। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে উদ্ধারকাজে আধুনিক রোবটিক প্রযুক্তির ব্যবহারকে কেন্দ্র করে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব সাজানো হয়।
প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রযুক্তিপ্রেমীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে অষ্টম স্থান অর্জন করেন ঈশমাম মুবীন। রোবটিক্স, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দক্ষতা প্রদর্শনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ইউআরসি তরুণদের মধ্যে বেশ পরিচিত।
ঈশমাম মুবীন টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা। তাঁর বাবা দেওয়ান আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈর সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক এবং মা লিলি আক্তার ওয়ান ব্যাংকের একজন ব্যবস্থাপক। দুই ভাইবোনের মধ্যে ঈশমাম দ্বিতীয় সন্তান।

আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্যে ঈশমামের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন দেশের তরুণদের রোবটিক্স, কোডিং ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
