বরাবরের মত আসছে ঈদেও দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার নাটক মানেই যেন দর্শকদের কাছে অন্যরকম আনন্দ। ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর রমযান’র সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’।
অমি জানান, ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে আসন্ন এ নাটকে।
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এ নির্মাতা বলেন, ‘ব্যাচেলররা সবাই এবার গরুর ব্যবসায় নামে! এর সঙ্গে আরও কিছু যোগ করে মজার মজার ঘটনার মধ্যে গল্প এগিয়ে যাবে।’
জানা গেছে, নাটকটির শুটিং করতে গিয়ে কিছুটা আহত হয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। গরুর দৌড়ের সঙ্গে একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে কোনরকমে পার পেয়ে যান পলাশ।
তিনি বলেন, বসিলার একটি খামারে শুটিং করছিলাম। ব্যথা একটু পেয়েছি। যেহেতু ঈদের কাজ তাই প্রাথমিক চিকিৎসা নেয়ার পর আবার শুটিং করি।
‘ব্যাচেলরস কোরবানি’ ঈদের দিন ধ্রুব টিভির ইউটিউবে প্রচার হবে। এতে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, পলাশ, শিমুল, মনিরা মিঠু, সানজানা রিয়া, পারসা ইভানা, আশুতোষ সুজন, আবদুল্লাহ রানা, বাচ্চু প্রমুখ।
