নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ১৪ জুলাই (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাজী হাসপাতালের সামনে থেকে ৩০পিস ইয়াবাসহ মোঃ সাখাওয়াত হোসেন (৪১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর উপজেলার দায়িত্বরত পুলিশ প্রশাসনের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত মোঃ সাখাওয়াত হোসেন জেলার মধুপুর উপজেলার ধলপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে এবং মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব এর ছোট ভাই।
জানা যায়, সাখাওয়াত হোসেন ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক। মানুষ গড়ার কারিগরের অন্তরালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সেবন এবং ইয়াবা ব্যবসা করে আসছেন। শিক্ষকতার মহান পেশার আড়ালে মানুষ গড়ার বদলে মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব এর ছত্রছায়ায় থেকে একছত্রভাবে ইয়াবার ব্যবসা করে আসছেন। এছাড়াও নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডর সাথে তার জড়িত থাকার কথাও শোনা যায় তার বিরুদ্ধে।
মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
