সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দূবৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের কৃষক আনিসুর রহমানের বাগানে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

জানা যায়, কুতুবপুর গ্রামের ওমর আলী মাস্টারের ৫ একর জমি দুই বছর মেয়াদে লীজ নিয়ে ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের আনিসুর রহমান ৬ হাজার অমৃত সাগর জাতের কলার চাষ করেন। আর মাত্র কয়েকদিন পরই ওইসব কলাগাছে কলার ছড়ি ধরবে (ফলন হবে)। শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কুতুবপুর গ্রামের শাজাহান মিয়া (৫০), তার ছেলে লিটন মিয়া (২৮), মেয়ের জামাতা মজনু মিয়া (৩৫) এবং একই গ্রামের ফজলু মিয়া (৪০) মিলে ওই বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলে।

বাগানে কর্মরত শ্রমিক মরিয়ম বেগম (৪৫) জানান- শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমরা বাগান পরিচর্যা করে বাড়ি চলে যাই। পরদিন শনিবার সকালে এসেই গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখি।

কলাবাগান মালিক আনিসুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন- ধারদেনা করে অন্যের জমি লীজ নিয়ে কলার বাগান করেছি । শাজাহান ও তার লোকজন মিলে রাতের আধারে আমার কলাগাছগুলো কেটে ফেলেছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর