নিউজ টাঙ্গাইল ডেস্ক: র্যাব তার প্রতিষ্ঠালগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২ এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
টাঙ্গাইল র্যাব-১২ এর ৩নং কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার (৮ নভেম্বর) আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে। নির্বাচনের তফসিল ঘোষনাকে কেন্দ্র করে টাঙ্গাইলে কেউ যদি কোন ধরনের বিশৃংখলা ও আইনশৃঙ্খলা বিঘ্ন তৈরীর করার চেষ্টা করে, তা কঠোর হস্তে দমন করা হবে। জনগনের জানমালের নিরাপত্তার জন্য র্যাব সর্বদা সচেষ্ট আছে। এজন্য বুধবার (৭ নভেম্বর) থেকে জেলা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বিশেষ টহল জোরদার করা হয়েছে। এই টহলের পাশাপাশি র্যাব মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
র্যাবের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
