Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

ধনবাড়ীতে চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের ধনবাড়ীতে চোরাইকৃত মালামাল উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আইপিএসের ব্যাটারি, সাবান, টুথপেস্ট ও সরিষার তেলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মিয়াপাড়া এলাকার বাসিন্দা তাকলিমা (৪২) অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ধনবাড়ী থানায় মামলা নং-০৩, তারিখ ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, পেনাল কোড ১৮৬০-এর ৩৮০/৪৬১ ধারায় মামলা রুজু করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানের ধারাবাহিকতায় ৪ অক্টোবর রাত ১০টা ৫ মিনিটে ধনবাড়ী বাজার সংলগ্ন ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধনবাড়ী থানাধীন কালিপুর এলাকার জনৈক জুলহাসের বাড়ির পেছনের বাঁশবাগান থেকে একটি আইপিএসের ব্যাটারি উদ্ধার করা হয়। ব্যাটারিটির গায়ে ‘TOP POWER’ ও ‘HSR20240917B2-130AH’ লেখা রয়েছে। এ ছাড়া সাবান, টুথপেস্ট ও সরিষার তেলের বোতলও উদ্ধার করা হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “চুরির ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত ও অভিযান শুরু করে। অভিযানের মাধ্যমে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।”

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular