Homeবিনোদনশাড়ি প্রতারণা মামলা: আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন অভিনেত্রী তানজিন তিশা

শাড়ি প্রতারণা মামলা: আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন অভিনেত্রী তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পন করে জামিনের মেয়াদ বাড়ালেন অভিনেত্রী তানজিন তিশা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করে তানজিন তিশা। শুনানি নিয়ে আদালত জামিন বর্ধিতের আদেশ দেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।

অনলাইন ফ্যাশন পেইজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে ডিবি পুলিশ তিশার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিশা আত্মসমর্পণ করে জামিন নেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।

আজ ছিল ওই আদালতে মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন। নিয়ম অনুযায়ী ওই আদালতে তিশার আত্মসমর্পন করে জামিন নেওয়ার দিনও ধার্য ছিল।

১১ টা ৪০ মিনিটের দিকে তিশা আদালতে পৌঁছান। এর পাঁচ মিনিট পর শুনানি শুরু হয়।

তিশা আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন। তিশা বেঞ্চে বসা ছিলেন। তবে বাদীপক্ষ থেকে তাকে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বলা হয়। পরে কাঠগড়ায় গিয়ে দাঁড়ান তিনি তার পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম জামিন বর্ধিতের বিষয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তার জামিন বর্ধিতের আবেদন করছি।’

ডকে দাঁড়ানোর বিষয়ে বলেন, ‘তাকে অপমান করতে ডকে উঠতে বলছে।’ তখন বিচারক বলেন, ‘আসামি তো, এ বিষয়ে কথা না বলি।’

এসময় বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল বলেন, ‘এ আসামি জামিন নেওয়ার পর তার মিসইউজ করেছে। ভেরিফাইড পেজ থেকে আইনজীবী সম্পর্কে আজেবাজে মন্তব্য করেন।’

এসময় বিচারক তাকে বলেন, ‘অভিযোগ থাকলে পিটিশন আকারে দিন।’ তখন জহিরুল হাসান মুকুল বলেন, ‘চার্জের জন্য আছে। চার্জ হয়ে যাক। সুনির্দিষ্ট অভিযোগ আছে।’

এসময় তিশার আইনজীবী খোরশেদ আলম বলেন, ‘ডিসচার্জের যথেষ্ট গ্রাউন্ড আছে। আমাদের সময় দিন। আমরা পরে শুনানি করবো।’

এরপর বাদীপক্ষ থেকে জানানো হয়, জামিন নেওয়ার পর তিশা তার ভেরিফাইড পেজ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে যা তা লিখেছে।

তখন বিচারক আবারও তাদের অভিযোগটি পিটিশন আকারে জমা দিতে বলেন। পরে তিশার জামিন বর্ধিতের আদেশ দেন এবং অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাতে আসামিপক্ষ থেকে যে আবেদন করা হয় তা মঞ্জুর করে।তবে পরবর্তী তারিখ এখনও জানানো হয়নি আদালত থেকে।

মামলার অভিযোগ

মামলায় বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেইজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া এবং এর দাম পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে বাদীপক্ষের অভিযোগ।

এ ঘটনায় অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। আদালত তখন বাদীর জবানবন্দি শুনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে এবং ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ দেওয়া হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular