নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ সময় চোরকে বাধা দিতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মজনু মিয়ার বাড়িতে চুরি করতে যান ছামিনুর মিয়া। এ সময় মজনু মিয়ার ছোট মেয়ে জুলেখা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে তাকে দেখতে পান। পরে ‘চোর চোর’ বলে চিৎকার করলে ছামিনুর খড়ের গাদার পেছনে লুকিয়ে পড়েন।
একপর্যায়ে মজনু মিয়া তাকে ঝাপটে ধরলে ছামিনুর হাতে থাকা ছুরি দিয়ে তার ঘাড় ও গলায় এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় প্রতিবেশী আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মীর রকিবুল ইসলাম লীন জানান, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্টারি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছামিনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
