টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজ। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। তবে গোপালপুর উপজেলার কালিবাড়ী বাজার এলাকা থেকে তার চালানো অটোভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ সবুজ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর সবুজের বাবা সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবার সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ। দুপুরের খাবারের সময় পার হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা তার মোবাইল ফোনে কল করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অভিযোগ দায়েরের দিনই ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালিবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। অটোভ্যান উদ্ধার ও দুজনকে আটক করা হলেও সবুজের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।
পুলিশের তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট হতে না পেরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছেলের সন্ধানের দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সবুজের বাবা-মা। এ সময় সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে সখীপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।
সবুজের বাবা সিরাজ মিয়া বলেন, “আমার সন্তান কোথায় আছে, জানি না। ভ্যান উদ্ধার হলেও ছেলের দেখা পাইনি। আমরা দ্রুত ছেলেকে ফেরত চাই।”
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সখীপুর ও গোপালপুর থানা পুলিশ সমন্বয় করে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
