আজ রবিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে।
তবে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিস বিপিএলের ষষ্ঠ আসরে কোনো দল পাননি। শুধু নাফিস নয়, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ স্পিনারেরও জায়গা হয়নি দলে। এছাড়া একসময় বাংলাদেশ দলের ভবিষ্যৎ লেগ স্পিনার হিসেবে বিবেচিত জুবায়ের লিখনের প্রতিও কোন দল আগ্রহ দেখায়নি।
গত আসরে নাফিস রংপুর রাইডারস হয়ে খেলেছিলেন তিনি। সেই আসরে তুলানামুলকভাবে ভালো পারফরম্যান্স করলেও এবার তাঁর প্রতি কেউ আগ্রহ দেখায়নি। একই দলের আরেক খেলোয়াড় আব্দুর রাজ্জাকও বয়সের কারণেই আগ্রহের বাইরে থাকলেন।
দল না পেয়ে এবার নাফিস বলেন, ‘আসলে দল গঠনের ব্যাপারটা তো আর আমার হাতে না। এটা নির্বাচকদের ব্যাপার। দল পাওয়ার ব্যাপারে আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ গত দুই তিন বছরে বিপিএলে আমার যে পারফরম্যান্স ছিল, তাতে আমার বিশ্বাস ছিল দল পাব। তবে সিলেকশন তো ভাই আমি করি না। এটা আমার হাতে না। এজন্য আমি হতাশ নই।’
এদিকে নিলামে দল না পেলেও অতীতে বিপিএলে দল পেয়েছিলেন অলক কাপালি। এ বিষয়ে নাফিসের আশাবাদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিপিএল ষষ্ঠ আসর মাঠে গড়াতে এখনও দুই মাসের মতো সময় আছে। ওই হিসেবে আমি প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ আমার এবিলিটি আছে ভালো খেলার ব্যাপারে। ভালো খেলতেছি। ফিটনেসও ভালো আছে। তো ওই সুযোগটা আসলে আসবে, না আসলেই নাই। এ নিয়ে আমি চিন্তা করি না।
