ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে শঙ্কা দেখা দিয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। কারণ, আগেরদিন অনুশীলন করেননি দলের অধিনায়ক। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে পর্যন্ত আসেননি তিনি। যে কারণে শঙ্কাটা আরও বেশি মাথাছাড়া দিয়ে ওঠে। কারণ জ্বর জ্বর ভাব ছিল সাকিবের।
শুধু তাই নয়, আজ সকালেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে সাকিবের সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হলে তিনি জাগো নিউজকে জানান, ‘জ্বর জ্বর ভাবটা এখনও আছে। তবে ওটা ওরকম সিরিয়াস কিছু না। সাকিবের জন্য আমরা ১২টা পর্যন্ত অপেক্ষা করব। দেখব কি অবস্থা।’
প্রধান নির্বাচকের ওই মন্তব্যের পর শঙ্কাটা আরও বেশি করে দেখা দেয়। বাংলাদেশ দলকে কি তবে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে? এমনিতেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বড় পরাজয়ে অনেকটুকু পিছিয়ে বাংলাদেশ। আজ জিততে না পারলে সিরিজই হারিয়ে ফেলতে হবে টাইগারদের।
তবে সাকিব ভক্তদের জন্য সুখবর। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সব শঙ্কা কাটিয়ে খেলতে নামছেন সাকিব। বিকেল সাড়ে তিনটায় ম্যাচপূর্ব ওয়ার্মআপ করতে মাঠে নামে বাংলাদেশ দল। তখনও অবশ্য দলের সঙ্গে ছিলেন না সাকিব। এরপর ৩টা ৪০ মিনিটের দিকে ড্রেসিং রুম থেকে ব্যাট হাতে ধীরে ধীরে মাঠে নেমে আসেন দলের অধিনায়ক।
সাধারণত, ম্যাচ শুরুর আগে শরীর গরম করার জন্য ক্রিকেটাররা মাঠের এক কোনে কিছুক্ষণ ওয়ার্মআপ করে। বোলাররা হাত ঘুরায় নিজেদের চাঙ্গা করে তোলার জন্য। ব্যাটসম্যানরা কিছুক্ষণ নক করেন সেই বলে। নিজেদের ব্যাটিংয়ের ঝড়তা কাটাতেই এই ব্যবস্থা। সাকিবও ঠিক একইভাবে নক করার জন্য নেমেছেন মাঠে। এর অর্থ, এই ম্যাচে খেলতে নামছেন তিনি।
